চুয়েটের জন্য ৪টি বাস দিচ্ছে জসিম উদ্দীন ফাউন্ডেশন

চুয়েটের জন্য ৪টি বাস দিচ্ছে জসিম উদ্দীন ফাউন্ডেশন
২২ মে, ২০২৬ ০০:০০  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর তীব্র পরিবহন সংকট নিরসনে চারটি বাস প্রদান করছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। এ উপলক্ষে ২১ মে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট ও ফাউন্ডেশনটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। চুয়েটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন।

চুয়েটের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পরিবহন দপ্তরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক।

ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, পরিচালক আলহাজ্ব মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এস. এম. ইউসুফ উদ্দিন এবং ব্যাংক কর্মকর্তা মো. বেলাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন ও এস্টেট) এস. এম. মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো. জোবায়ের হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

// ডিবিটেক/এইএম/ইকে //