কম্পিউটেক্স ২০২৬-এ পুরস্কৃত গিগাবাইট

কম্পিউটেক্স ২০২৬-এ পুরস্কৃত গিগাবাইট
২১ মে, ২০২৬ ১৮:২৯  

তাইওয়ানে চলমান বিশ্বখ্যাত প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্স ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক উদ্ভাবনের জন্য মর্যাদাপূর্ণ ‘বেস্ট চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে গিগাবাইট। মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং ল্যাপটপ— এই তিন ক্যাটাগরিতে কোম্পানিটির অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। 

২১ মে, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অর্জন গেমিং ও প্রোডাক্টিভিটি উভয় ক্ষেত্রেই তাদের স্কেলেবল এআই কম্পিউটিং ভিশন এবং উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

জানাগেছে, স্থানীয় বা লোকাল এআই কম্পিউটিংকে আরও শক্তিশালী করতে মেলায় গিগাবাইট উন্মোচন করেছে ‘এক্স৮৭০ই অরোস এক্সট্রিম এক্সথ্রিডি এআই টপ’ মাদারবোর্ড, যা বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড জিতেছে। এতে থাকা টার্বো মোড প্রযুক্তি এআই ডায়নামিক ওভারক্লকিংয়ের মাধ্যমে প্রসেসরের পাওয়ার ও থার্মাল পারফরম্যান্স রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করে। এছাড়া দীর্ঘসময় স্থিতিশীলতা বজায় রাখতে এতে উন্নত থার্মাল ম্যাট্রিক্স মনিটরিং এবং বিশেষ উইন্ড ব্লেড অ্যাকটিভ কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

ল্যাপটপ ব্যবহারকারীদের ডেস্কটপ-লেভেলের গ্রাফিক্সের স্বাদ দিতে মেলায় পুরস্কার জিতেছে ‘অরোস আরটিএক্স ৫০৯০ এআই বক্স’। এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স প্রসেসর (জিপিইউ) সমৃদ্ধ এই বাহ্যিক বক্সে রয়েছে থান্ডারবোল্ট ৫ কানেক্টিভিটি এবং ৩২ জিবি মেমোরি। এটি জেনারেটিভ এআই ও বড় ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) কাজকে অবিশ্বাস্য গতি দেবে। পাশাপাশি মেলায় সেরা এআই ল্যাপটপের স্বীকৃতি পেয়েছে ১৯.৯ মিলিমিটার পাতলা চ্যাসিসের ‘অরোস মাস্টার ১৬’। গেমার ও ফোরকে ভিডিও এডিটরদের জন্য তৈরি এই ল্যাপটপে রয়েছে ‘জিমেট’ নামের একটি এআই এজেন্ট সিস্টেম, যা ব্যবহারকারীর কাজ বুঝে কুলিং ও পাওয়ার স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ করতে পারে। ডেস্কটপ, ল্যাপটপ ও এজ ডিভাইসের সমন্বয়ে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলাই গিগাবাইটের মূল লক্ষ্য।

//ডিবিটেক/এসআর/ইকে//