এমএফএস-এ কার্ড সংযুক্তে টোকেন লেনদেন বাধ্যতামূলক

এমএফএস-এ কার্ড সংযুক্তে টোকেন লেনদেন বাধ্যতামূলক
১৯ মে, ২০২৬ ১৬:১৩  

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাবে প্রথমবার কার্ড যুক্ত করার ক্ষেত্রে নতুন প্রযুক্তিগত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কার্ড সংযুক্ত করতে ৫০০ টাকার টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।

১৯ মে, মঙ্গলবার  জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১। সার্কুলারটি দেশের সব এমএফএস প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করতে হলে ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। ওই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি ব্যবহার করে নিয়মিত ‘অ্যাড মানি’ বা অন্যান্য লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এটি আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। তবে আগামী ১ আগস্ট থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত করা গেলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়, কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ যোগ করার লেনদেনকে ‘মার্চেন্ট পেমেন্ট’ নয়, বরং ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান থাকে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখতে হবে।

এছাড়া এমএফএস ব্যক্তিগত হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার-০৫/২০২৫ এর নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
ডিবিটেক/জেএন/ইকে