নগদ অর্থের ব্যবহার কমানো ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশব্যাপী ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
সরকারি ফি ও চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান গভর্নরের
সরকারি বিভিন্ন সেবা ফি ও চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে একক প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
২৩ জুন, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশব্যাপী বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে গভর্নরকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. মো. মোস্তাকুর রহমান।
বৈঠকে গভর্নর বলেন, বাংলা কিউআর চালু হলে নগদ টাকা ছাপানো, সংরক্ষণ ও পরিবহনের ব্যয় কমবে। একই সঙ্গে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন বিল, সরকারি ফি ও সেবা চার্জ পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ডিজিটাল আর্থিক সেবার সুবিধা পাবেন।
তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে বাংলা কিউআরের মাধ্যমে ফি ও চার্জ গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
গভর্নর আরও জানান, আগামী অর্থবছরের শুরু থেকে সীমিত পরিসরে বাংলা কিউআর চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পর্যায়ক্রমে এর ব্যবহার আরও বিস্তৃত করা হবে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক (আইটি) মুহাম্মদ জাকির হোসেন, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক সরওয়ার হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডিএম/ইকে//





