যন্ত্রকৌশল বিভাগের এমই-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রযুক্তি, গবেষণা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ

সারাজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে: চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রকৌশলীদের সারাজীবন শেখার মানসিকতা বজায় রাখতে হবে। তিনি উদ্ভাবন, গবেষণা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সারাজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে: চুয়েট উপাচার্য
৩০ জুন, ২০২৬ ১৬:০১  
১ জুলাই, ২০২৬ ১৬:২৫  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, প্রযুক্তির পরিবর্তন অব্যাহত থাকায় একজন প্রকৌশলীকে সারাজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে। দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি আয়ত্ত এবং উদ্ভাবনী গবেষণার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

৩০ জুন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এমই-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জ্ঞান অর্জনের যাত্রা কখনো শেষ হয় না। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই একজন প্রকৌশলীকে নিজেকে প্রতিনিয়ত দক্ষ করে গড়ে তুলতে হবে এবং নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে।

তিনি বলেন, যন্ত্রকৌশল প্রকৌশলবিদ্যার অন্যতম মৌলিক ও বিস্তৃত শাখা। শিল্পায়ন, জ্বালানি, উৎপাদন, স্বয়ংক্রিয় ব্যবস্থা, রোবট প্রযুক্তি, স্মার্ট উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যন্ত্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সততা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ বজায় রেখে কর্মজীবনে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।

যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাদমান সারার, সানাউল হক জয় ও সাইমা ইসলাম সাবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী ও নাভিয়া হাসান।

//ডিবিটেক/এআইএম/এমইউআইএম//