বছরের শেষেই ‘সারমাট’ মোতায়েনের ঘোষণা পুতিনের

বছরের শেষেই ‘সারমাট’ মোতায়েনের ঘোষণা পুতিনের
১৩ মে, ২০২৬ ০০:০৯  

চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার অস্ত্রভাণ্ডারে নতুন প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ যুক্ত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা এলো।

১২ মে, মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে আরও আধুনিক করতে ‘সারমাট’ মিসাইল মোতায়েন করা হবে। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

পুতিনের ভাষ্য অনুযায়ী, ‘সারমাট’ শুধু প্রচলিত ব্যালিস্টিক গতিপথেই নয়, উপ-কক্ষপথ ব্যবহার করেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারের বেশি এবং লক্ষ্যভেদের সক্ষমতাও আগের তুলনায় অনেক বেশি।

রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ এ বিষয়ে সফল পরীক্ষার প্রতিবেদন পুতিনের কাছে উপস্থাপন করেছেন বলেও জানা গেছে।

২০১৮ সালে শুরু হওয়া রাশিয়ার সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে ‘সারমাট’ প্রকল্প হাতে নেওয়া হয়। তবে বিভিন্ন সময় প্রযুক্তিগত ত্রুটি ও বিলম্বের কারণে প্রকল্পটি চ্যালেঞ্জের মুখে পড়ে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় মিসাইলটি উৎক্ষেপণ কেন্দ্রেই বিস্ফোরিত হয়েছিল।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর একাধিকবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বিষয়টি সামনে এনেছেন পুতিন। বিশ্লেষকদের মতে, ‘সারমাট’ মোতায়েনের এই ঘোষণা আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াতে পারে।

ডিবিটেক/এসএম/ইকে