বিজ্ঞাপন ছাড়াই দেখা যাচ্ছে টিকটক
ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও নির্বিঘ্ন করতে যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত সংস্করণ চালু করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এখন থেকে নির্দিষ্ট মাসিক ফি বা সাবস্ক্রিপশন চার্জের বিনিময়ে যুক্তরাজ্যের ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
টিকটকের এই বিজ্ঞাপনমুক্ত সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রতি মাসে ৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭০ টাকা) গুণতে হবে। ১৮ বছর বা তার বেশি বয়সী অ্যাকাউন্টধারীরা আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচারের সুবিধা পাবেন। উল্লেখ্য, গত বছর মেটা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য যুক্তরাজ্যে একই ধরনের সেবা চালু করেছিল, যার মাসিক ফি ছিল ৩ পাউন্ড।
টিকটকের ইউকে ম্যানেজিং ডিরেক্টর ক্রিস বোগে বলেন, "আমাদের কমিউনিটির জন্য পছন্দ করার সুযোগ এবং যুক্তরাজ্যের ব্যবসার প্রবৃদ্ধি—এই দুটি বিষয়কে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে হাজার হাজার ব্রিটিশ ব্যবসা নতুন গ্রাহক পাচ্ছে। অন্যদিকে, বিজ্ঞাপনমুক্ত অপশনটি ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।"
এই সাবস্ক্রিপশন প্যাকেজে বিজ্ঞাপন বন্ধ হওয়া ছাড়া অন্য কোনো নতুন ফিচার বা প্রিমিয়াম সুবিধা যোগ করা হয়নি। আপাতত এটি কেবল যুক্তরাজ্যের বাজারের জন্য উন্মুক্ত করা হলেও যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্যান্য ইংরেজিভাষী দেশগুলোতে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিজ্ঞাপনের বিকল্প হিসেবে সরাসরি ব্যবহারকারীদের কাছ থেকে রাজস্ব আদায়ের এই মডেলটি বর্তমানে বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে সাধারণ ব্যবহারকারীরা বিনোদনের জন্য এই পরিমাণ টাকা খরচ করতে কতটুকু আগ্রহী হবেন, তা এখন দেখার বিষয়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



