স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এলো গুগলের ডিসপ্লেবিহীন ‘ফিটবিট এয়ার’

স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এলো গুগলের ডিসপ্লেবিহীন ‘ফিটবিট এয়ার’
১১ মে, ২০২৬ ১৪:১৭  

স্মার্টওয়াচের ভিড়ে ভিন্নধর্মী এক ডিভাইস নিয়ে এলো গুগল। কোনো ডিসপ্লে বা স্ক্রিন ছাড়াই বাজারে অবমুক্ত করা হয়েছে ‘গুগল ফিটবিট এয়ার’। যারা সারাক্ষণ নোটিফিকেশনের ঝামেলা এড়িয়ে কেবল নিজের স্বাস্থ্যের নির্ভুল তথ্য পেতে চান, তাদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। মাত্র ৯৯.৯৯ ডলার মূল্যের এই ডিভাইসটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে।

গুগল জানিয়েছে, এটি এখন পর্যন্ত ফিটবিটের সবচেয়ে ছোট ট্র্যাকার। এর বিশেষত্ব হলো এটি দেখতে ছোট একটি ‘পেবল’ বা পাথরের মতো, যাতে কোনো স্ক্রিন নেই। হালকা ও পাতলা হওয়ার কারণে এটি ২৪ ঘণ্টা কবজিতে পরে থাকা সহজ, বিশেষ করে ঘুমের সময় এটি কোনো অস্বস্তি তৈরি করবে না। যারা দিনের বেলা পিক্সেল ওয়াচ ব্যবহার করেন, তারা রাতে ঘুমের তথ্য ট্র্যাকিংয়ের জন্য এই ফিটবিট এয়ার ব্যবহার করতে পারবেন।

স্ক্রিন না থাকলেও ফিটবিট এয়ারে রয়েছে সব উন্নত সেন্সর। এর মাধ্যমে যা যা জানা যাবে:

    হার্ট রেট: ২৪ ঘণ্টা হৃদস্পন্দন পরিমাপ এবং অনিয়মিত হৃদস্পন্দন (AFib) শনাক্ত করে সতর্কবার্তা পাঠানো।

    নিদ্রা পর্যবেক্ষণ: ঘুমের বিভিন্ন পর্যায় এবং স্থায়িত্বের নিখুঁত তথ্য।

    রক্তে অক্সিজেন: এসপিওটু (SpO2), বিশ্রামকালীন হার্ট রেট এবং হার্ট রেট ভ্যারিয়েবিলিটি পরিমাপ।

    অটোমেটিক ডিটেকশন: ব্যবহারকারী যখন ব্যায়াম বা হাঁটাহাঁটি শুরু করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে অ্যাপে তথ্য জমা করবে।

ফিটবিট এয়ারের সব তথ্য দেখা যাবে ‘গুগল হেলথ’ অ্যাপে। এতে যুক্ত করা হয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ চালিত ‘হেলথ কোচ’। এই এআই কোচ ব্যবহারকারীকে ব্যক্তিগত পরামর্শ দেবে। এমনকি জিমের কোনো যন্ত্রের ছবি তুলে দিলে এআই স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যায়ামের বিস্তারিত তথ্য লগ করে নেবে।

ডিভাইসটির নিয়মিত সংস্করণের দাম ৯৯.৯৯ ডলার। এছাড়া বাস্কেটবল তারকা স্টিফেন কারির বিশেষ সংস্করণ পাওয়া যাবে ১২৯.৯৯ ডলারে। আগামী ২৬ মে থেকে এটি বাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে। এটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ১১ বা আইওএস ১৬.৪-এর পরের সংস্করণগুলোর স্মার্টফোন প্রয়োজন হবে।

উল্লেখ্য, ফিটবিট এয়ারের সাথে ৩ মাসের ‘গুগল হেলথ প্রিমিয়াম’ সেবা বিনামূল্যে পাওয়া যাবে, যার মাধ্যমে এআই কোচের সব সুবিধা ভোগ করা যাবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: ই-উইক