কঙ্গোতে লাইসেন্স পেলো স্টারলিংক
ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংককে এবার লাইসেন্স দিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। শুক্রবার কঙ্গোর পোস্ট ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, খুব শিগগিরই স্টারলিংক দেশটিতে তাদের কার্যক্রম শুরু করবে। খবর রয়টার্স।
স্পেসএক্স-এর একটি ইউনিট হিসেবে স্টারলিংক আফ্রিকা মহাদেশে দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে এবং ইতোমধ্যে এক ডজনেরও বেশি দেশে কার্যক্রম চালু করেছে। গত এপ্রিলেই সোমালিয়া ও লেসোথো স্টারলিংককে লাইসেন্স প্রদান করে।
তবে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোতে ইন্টারনেট সংযোগের হার খুবই নিম্ন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (ITU) তথ্যমতে ২০২৩ সালে দেশটির মাত্র ৩০ শতাংশ জনগণ ইন্টারনেট ব্যবহার করত।
এর আগে দেশটির সরকার স্টারলিংককে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। সে সময় সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম২৩ সহ অন্যান্য গোষ্ঠী এটি ব্যবহার করে নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে।
২০২৪ সালের মার্চ মাসে কঙ্গোর পোস্ট ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা স্টারলিংকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।
তবে শুক্রবার ওই সংস্থাই ঘোষণা করে যে স্টারলিংককে আনুষ্ঠানিক লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তারা “আগামী কয়েকদিনের মধ্যেই” তাদের সেবা চালু করবে।
তবে সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সের অনুরোধে এখনো কোনো মন্তব্য প্রদান করেননি।
ডিবিটেক/বিএমটি







