সংসদে মোবাইল ফোনে কথা বলা ও ছবি না তোলার রুল জারি
অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রুল জারি করে জানিয়েছেন, অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে ফোনে কথা বলা এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
১৫ এপ্রিল, বুধবার অধিবেশনে প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই নির্দেশনা দেন।
ঘটনার সূত্রপাত হয় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান-এর বক্তব্যের সময়। তাকে সাত মিনিট সময় দেওয়া হলেও বক্তব্যের কিছুক্ষণ পর সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলার শব্দে বিঘ্ন সৃষ্টি হলে ডেপুটি স্পিকার তাকে থামিয়ে দেন এবং বিষয়টি চিফ হুইপের নজরে আনেন।
ডেপুটি স্পিকার প্রযুক্তি ব্যবহারে ‘ডিজিটাল ডিসিপ্লিন’ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সংসদ কক্ষ কোনো অনানুষ্ঠানিক যোগাযোগ বা কনটেন্ট তৈরির জায়গা নয়। তাই স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রিত রাখতে হবে।
ডেপুটি স্পিকারের বক্তব্যের পর নূরুল ইসলাম সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “হাউজের ভেতরে কেউ ফোনে কথা বলবেন না। প্রয়োজন হলে বাইরে গিয়ে কথা বলুন। একইসঙ্গে ভেতরে ছবি তোলাও বন্ধ রাখতে হবে।”
তিনি আরও বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা শুধু শৃঙ্খলা ভঙ্গই নয়, বরং বক্তব্য প্রদান ও শোনার পরিবেশকে বিঘ্নিত করে।
তিনি জানান, সংসদের কার্যক্রম চলাকালে ‘ফ্লোর ক্রস’ বা বক্তব্যের মাঝখান দিয়ে চলাচল করা যাবে না। প্রয়োজনে পেছন দিয়ে ঘুরে আসার নির্দেশনা দেন তিনি।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বক্তব্য দেওয়ার সময় সংসদ কক্ষে ফোনে কথা বলার শব্দে বিঘ্ন সৃষ্টি হলে ডেপুটি স্পিকার বিষয়টি আমলে নেন এবং তাৎক্ষণিকভাবে রুলিং জারি করেন।
সংশ্লিষ্টরা বলছেন, সংসদে প্রযুক্তির ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে তা হতে হবে শৃঙ্খলাবদ্ধ ও প্রোটোকলভিত্তিক। নতুন এই রুলিং কার্যকর হলে সংসদ কার্যক্রমে আরও মনোযোগ ও পেশাদারিত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে।
ডিবিটেক/এনএ/এমইউএম







