উত্তরায় ‘এনপিএল’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাজধানীর উত্তরা মেজবা ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’।
টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল—কোড ক্রাশারস, নেটওয়ার্ক টাইটানস, টেক থান্ডার এবং ডাটা স্ট্রিমার্স। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় কোড ক্রাশারস এবং রানার্স-আপ হয় নেটওয়ার্ক টাইটানস। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কোড ক্রাশারস টিমের মুরাদ হাসান।
খেলার টাইটেল সম্পন্সর বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল)-এর চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের হেড অফ এইচআর ফারজানা রহমান। তিনি অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম, ডিজিএম দেবাশীষ দাস এবং ডিজিএম আশফাক আলম।
প্রতিযোগিতার কো-স্পন্সর হিসেবে ছিল নিনাদ, এসএএস (স্মার্ট ডোর লক) ও সাত কাহন।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
ডিবিটেক/এমআইপি/ইকে







