৫০টিরও বেশি ‘জয়ফুল’ গেম নিয়ে ফিরছে হোলসাম ডিরেক্ট ২০২৬
আসন্ন ‘সামার গেম ফেস্ট ২০২৬’ ঘিরে গেমিং বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ডিজিটাল গেমিং ইভেন্ট ‘হোলসাম ডিরেক্ট’ তাদের সপ্তম বার্ষিক আসরের ঘোষণা দিয়েছে। আগামী ৬ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় (১২ পিএম ইটি) ইউটিউব ও টুইচ-এ এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে।
কী থাকছে এবারের আয়োজনে?
হোলসাম গেমসের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে ৫০টিরও বেশি আনন্দদায়ক এবং কিউট গেম প্রদর্শন করা হবে। ইভেন্টটিতে থাকছে ওয়ার্ল্ড প্রিমিয়ার, নতুন গেমের ডেমো এবং বেশ কিছু সারপ্রাইজ এলিমেন্ট। নামী-দামী স্টুডিওর পাশাপাশি উদীয়মান গেম নির্মাতাদের কাজও এখানে প্রাধান্য পাবে।
নজরে থাকছে যেসব গেম ও স্টুডিও
এবারের ইভেন্টে অংশগ্রহণকারী বড় নামগুলোর মধ্যে রয়েছে ‘প্ল্যানেট কোস্টার’ খ্যাত ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস এবং ‘কজি গ্রোভ’ নির্মাতা স্প্রাই ফক্স। বিশেষ করে স্প্রাই ফক্সের আসন্ন লাইফ-সিমুলেশন গেম ‘স্পিরিট ক্রসিং’ নিয়ে গেমারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এছাড়া ‘উসাগি শিমা’, ‘ইজ দিস সিট টেকেন?’ এবং ‘মিল্কি ডেলিভারি’-র মতো জনপ্রিয় গেমগুলোর নতুন আপডেটও থাকছে এই তালিকায়।
গেম যখন সামাজিক কল্যাণে
হোলসাম ডিরেক্ট কেবল গেম প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতি বছরের মতো এবারও তারা চ্যারিটির উদ্যোগ নিয়েছে। এ বছর মার্চেন্ডাইজ বিক্রির অর্থ ‘ট্রান্সজেন্ডার ল সেন্টার’-কে প্রদান করা হবে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে ইভেন্টটি সেভ দ্য চিলড্রেন, প্যালেস্টাইন চিলড্রেন’স রিলিফ ফান্ডের মতো দাতব্য সংস্থাগুলোর জন্য ৩ লাখ মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছে।
৫ জুন থেকে শুরু হতে যাওয়া সামার গেম ফেস্টের ডামাডোলে ৬ জুনের ‘হোলসাম ডিরেক্ট’ গেমিং প্রেমীদের জন্য এক পশলা প্রশান্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



