আইইবিতে প্রকৌশলীদের জন্য দুই দিনব্যাপী অটোক্যাড প্রশিক্ষণ শুরু

আইইবিতে প্রকৌশলীদের জন্য দুই দিনব্যাপী অটোক্যাড প্রশিক্ষণ শুরু
৯ এপ্রিল, ২০২৬ ২০:৪৭  
৯ এপ্রিল, ২০২৬ ২২:৪৯  

প্রযুক্তিনির্ভর প্রকৌশল চর্চায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে ‘AutoCAD: 2D Drafting and 3D Modeling’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৯ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের কাউন্সিল হলে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ৯ ও ১১ এপ্রিল দুই ধাপে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, বর্তমান সময়ে প্রকৌশল কাজে অটোক্যাডের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। আগে এই সফটওয়্যারটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সব শাখায় এর বিস্তার ঘটেছে। বিশেষ করে ত্রিমাত্রিক (3D) ডিজাইন ও ভিজ্যুয়ালাইজেশনের চাহিদা বাড়ায় প্রকৌশলীদের এই বিষয়ে পারদর্শী হওয়া জরুরি।

তিনি বলেন, অতীতে প্রকৌশলগত কাজ সম্পাদনের জন্য লগ টেবিল ও পরে ক্যালকুলেটরের ওপর নির্ভর করতে হতো। প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফলে অটোক্যাডের ব্যবহার শুরু হয় এবং বর্তমানে এটি প্রকৌশল কাজে অপরিহার্য হয়ে উঠেছে। 

বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি যথেষ্ট নয়, বাস্তব দক্ষতা অর্জনই পেশাগত সাফল্যের চাবিকাঠি। আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান তমাল বলেন, অটোক্যাড ড্রইং প্রণয়ন ও সংশোধনের কাজকে সহজ, দ্রুত ও নির্ভুল করেছে।

উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী শাহানাজ শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী ইশরাত জাহান। বক্তারা জানান, গত বছরের একটি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দাবির প্রেক্ষাপটে এই বিশেষ অটোক্যাড প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশনভিত্তিক আরও বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলীরা তাদের প্রকল্পের ধারণাকে আরও বাস্তবসম্মত ও কার্যকরভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

ডিবিটেক/এসআই/এমইউআইএম