এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
২ এপ্রিল, ২০২৬ ১৭:১৬  

নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট লেনদেন দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি টাকার বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহক সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যাতেও এ সময় নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে নগদ দেশের মোবাইল আর্থিক সেবাখাতে শক্ত অবস্থান বজায় রেখেছে।

২০২৫ সালের বিভিন্ন প্রান্তিকের তুলনায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাসভিত্তিক হিসাবেও জানুয়ারি ও মার্চে সর্বোচ্চ লেনদেন হয়েছে, যদিও ফেব্রুয়ারিতে কিছুটা কম ছিল।

এই প্রান্তিকে ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট, রেমিট্যান্স, ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট- সব ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়েছে নগদ। পাশাপাশি সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। পরের প্রান্তিকে সামান্য কমে ৯১ হাজার ৩৩৩ কোটি টাকায় চলে আসে। তবে তৃতীয় প্রান্তিকে নগদের লেনদেন পুনরুদ্ধার হয়ে ৯২ হাজার ১২৫ কোটি টাকায় পৌঁছে যায়। আর বছরের শেষ প্রান্তিকে নগদ প্রথম বারের মতো এক প্রান্তিকে এক লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। ওই প্রান্তিকে  লেনদেন দাঁড়ায় ১ লাখ হাজার ৩৮১ কোটি টাকা।

মন শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন আরও বৃদ্ধি পেয়ে লাখ ১১ হাজার ৩৫৫ কোটি টাকায় পৌঁছায়, যা গত বছরের সর্বশেষ প্রান্তিকের তুলনায় ৮ দশমিক ৭৭ শতাংশ বেশি।

মাস হিসেবে গত তিন মাসে লেনদেনের এই অঙ্ক ছিল যথাক্রমে– জানুয়ারিতে ৪০ হাজার ৩০১ কোটি টাকা। সে সময় যেকোনো মাসের হিসেবে এটি সর্বোচ্চ লেনদেনের অঙ্ক ছিল। মার্চে এসে লেনদেনের এই অঙ্কও পেরিয়ে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকায় পৌঁছে যায়। মাঝখানে নির্বাচনের সময়ে বেশ কয়েক দিন নগদসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবা অপারেটরগুলোর লেনদেনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে তখন লেনদেনের অঙ্ক (২৯ হাজার ৫৮৫ কোটি টাকা) কিছুটা কম ছিল।

প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, তুলনামূলক কম খরচ, ফ্রি সেন্ড মানি ও সাশ্রয়ী রেমিট্যান্স সুবিধার কারণে গ্রাহকদের আস্থা বাড়ছে, যা লেনদেন বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

ডিবিটেক/এলএমএলএস/এমইউআইএম