বাহরাইনে ইরানের হামলায় অ্যামাজনের ক্লাউড পরিষেবা ক্ষতিগ্রস্ত

বাহরাইনে ইরানের হামলায় অ্যামাজনের ক্লাউড পরিষেবা ক্ষতিগ্রস্ত
২ এপ্রিল, ২০২৬ ১৪:২৮  

ইরানের হামলায় বাহরাইনে অবস্থিত অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং পরিষেবা এডব্লিউএস-এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর একটি কোম্পানির অবকাঠামোয় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকর্মীরা। তবে কোন কোম্পানি এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানায়নি মন্ত্রণালয়। খবর রয়টার্স।

গত মাসের শুরুতেও ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে আগুন লেগেছিল। গত সপ্তাহে কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে তাদের এডব্লিউএস অঞ্চল ‘ব্যহত’ হয়েছে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার অ্যামাজনের কার্যক্রম যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলো।

হামলার এক দিন আগে ইরানের বিপ্লবী গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও টেসলার নাম উল্লেখ করা হয়। সতর্কবাণীতে এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ‘তাত্ক্ষণিকভাবে কাজের জায়গা ছেড়ে যেতে’ বলা হয়েছিল।

অ্যামাজনের ক্লাউড ইউনিট এডব্লিউএস বহু জনপ্রিয় ওয়েবসাইট ও সরকারি কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য এবং এটি কোম্পানির প্রধান মুনাফার উৎস। বাহরাইনে এডব্লিউএসের অঞ্চলটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেবা প্রদান করে। 

সম্প্রতি অ্যামাজন জানিয়েছিল, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। কিন্তু এই হামলার কারণে সে পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ডিবিটেক/বিএমটি