কয়েক হাজার কর্মী ছাঁটাই করছে ওরাকল
ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ওরাকল হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও সিয়াটলে ৪৯১ কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। তবে এটি সামগ্রিক ছাঁটাইয়ের অংশ মাত্র। খবর রয়টার্স।
গত মে পর্যন্ত ওরাকলে কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার। চলতি অর্থবছরে পুনর্গঠনের খরচ ধরা হয়েছে ২.১ বিলিয়ন ডলার, যার বেশিরভাগই কর্মী ছাঁটাইয়ের খরচ।
প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামোতে ব্যয় বাড়িয়ে অ্যালফাবেট ও অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করতে চায়। সম্প্রতি ওরাকল ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়, যার বড় অংশ এআই সার্ভার ও ডেটা সেন্টারে যাবে।
সামাজিক মাধ্যমে ছাঁটাইয়ের খবরে ওরাকল কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছু কর্মী জানিয়েছেন, ইউএস-ভিত্তিক দূরবর্তী কর্মীরা বেশি ঝুঁকিতে আছেন। ওরাকল জানিয়েছে, ছাঁটাই পরবর্তী কয়েক মাসে ধাপে ধাপে সম্পন্ন হবে।
এদিকে লেঅফস.এফওয়াইআই-এর তথ্য বলছে, চলতি বছর প্রযুক্তি খাতে ৭০টির বেশি কোম্পানি প্রায় ৪০ হাজার ৪৮০ কর্মী ছাঁটাই করেছে। গত সপ্তাহে মেটা কয়েক শত কর্মী ছাঁটাই করেছে এবং আরও ২০ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে বলে খবর পাওয়া গেছে। এআই-চালিত অটোমেশনের প্রভাবে কর্মী ছাঁটাই ক্রমশ বাড়ছে।
ডিবিটেক/বিএমটি







