বিপিও শিল্পের উন্নয়নে আইসিটি সচিবের সাথে বাক্কোর বৈঠক

বিপিও শিল্পের উন্নয়নে আইসিটি সচিবের সাথে বাক্কোর বৈঠক
৩১ মার্চ, ২০২৬ ১৫:০৩  

দেশের বিপিও ও আইটিইএস খাতের অগ্রগতি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। 

৩১ মার্চ, মঙ্গলবার আইসিটি বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে বিপিও শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে আইসিটি বিভাগের নবনিযুক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান বাক্কো প্রতিনিধি দল। আলোচনায় বিপিও শিল্পকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করতে নীতিগত সহায়তা জোরদার, প্রণোদনা কাঠামোর উন্নয়ন এবং আসন্ন ‘বিপিও সামিট ২০২৬’-এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশলগুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। এছাড়া ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও বাজারভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।

আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন বিপিও খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ এবং পরিচালক মো. মাহ্‌বুব আলম। বাক্কোর পক্ষে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও বাক্কোর এই সমন্বিত উদ্যোগ দেশের আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথ আরও সুগম করবে।
ডিবিটেক/এজি/ইকে