রাজশাহীতে আইএসপিএবি-নিক্স পপ
দেশজুড়ে উচ্চগতি, নিরাপদ এবং সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে স্থাপিত হয়েছে 'আইএসপিএবি-নিক্স' (ISPAB-NIX)-এর আঞ্চলিক পপ (PoP)। ইন্টারনেট সোসাইটি ও ট্রাস্টের যৌথ সহযোগিতায় স্থাপিত এই আঞ্চলিক এক্সচেঞ্জ পয়েন্টটি রাজশাহীর ৮টি জেলার ইন্টারনেট সেবায় আমূল পরিবর্তন আনবে বলে আশাবাদী ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।
২৩ মার্চ, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এতে বলা হয়, রাজশাহী বিভাগের স্থানীয় আইএসপিগুলো ইতিমধ্যেই এই নিক্স পপের সাথে সংযুক্ত হয়ে পরীক্ষামূলক সেবা প্রদান শুরু করেছে। তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন আগামী মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, এই পপটি স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর আন্তঃসংযোগ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ গ্রাহকরা দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। শুধু আইএসপি নয়, এনটিটিএন (NTTN), আইআইজি (IIG) এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এই উচ্চ প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারবে।
এতে আরও বলা হয়, প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি এই পপ-এ ক্যাশ সার্ভিস (Cache Service) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে অধিক পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহে সহায়ক হবে। উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের এই ছোঁয়া ই-কমার্স, ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা এবং টেলি-মেডিসিনের মতো খাতগুলোতে নতুন উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতির সঞ্চার করবে।
অপরদিকে প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটাল বৈষম্য দূরীকরণে এই আঞ্চলিক হাবটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আইএসপিএবি-নিক্স মূলত দেশে উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথের ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এই পপ স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় আইএসপিগুলো এখন ব্যয়বহুল আন্তর্জাতিক লিংকের ওপর নির্ভরতা কমিয়ে অনেক কম খরচে গ্রাহক পর্যায়ে সেবা দিতে সক্ষম হবে।
ডিবিটেক/এসআই/ইকে



