ফের প্লেস্টেশন ৫-এর দাম বাড়ালো সনি

ফের প্লেস্টেশন ৫-এর দাম বাড়ালো সনি
২৮ মার্চ, ২০২৬ ১৬:৪০  

ফের নিজেদের প্লেস্টেশন ৫ কনসোলের দাম বাড়াচ্ছে সনি গ্রুপ। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম। 

তখন যুক্তরাষ্ট্রে প্লেস্টেশন ৫ কনসোলের স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ১০০ ডলার বেড়ে হবে ৬৪৯ দশমিক ৯৯ ডলার। ডিজিটাল এডিশনের দাম হবে ৫৯৯ দশমিক ৯৯ ডলার এবং উচ্চমানের পিএস৫ প্রো-এর দাম দাঁড়াবে ৮৯৯ দশমিক ৯৯ ডলারে।

 একইভাবে প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ারের দামও ১৯৯ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ২৪৯ দশমিক ৯৯ ডলার হবে।

ইউরোপ ও জাপানেও একই ধরনের মূল্যবৃদ্ধি কার্যকর হবে।

সনি বলছে, বৈশ্বিক সাপ্লাই চেইনে ব্যয় চাপ এবং মেমোরি চিপের সংকটের কারণে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। আসলে এআই অবকাঠামো তৈরির প্রতিযোগিতায় মেমোরি নির্মাতারা ডেটা সেন্টারের জন্য বেশি লাভজনক চিপে মনোযোগ দিচ্ছে। ফলে কনজিউমার ডিভাইসের জন্য সরবরাহ কমে গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধি ভিডিও গেম বাজারের প্রবৃদ্ধিকে ধীর করবে। ইতিমধ্যেই এপিক গেমস কনসোল বিক্রি কমে যাওয়াকে কারণ দেখিয়ে সম্প্রতি এক হাজার কর্মী ছাঁটাই করেছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর ছুটির মৌসুমে সনির পিএস৫ বিক্রি আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমে ৮ মিলিয়ন ইউনিটে দাঁড়ায়।

প্রসঙ্গত, গত বছর আগস্টেও যুক্তরাষ্ট্রে পিএস৫-এর দাম প্রায় ৫০ ডলার বাড়িয়েছিল সনি। একই সময়ে মাইক্রোসফটও তাদের এক্সবক্স কনসোলের দাম বাড়ায়। 

ডিবিটেক/এমএমইউ/ইকে