আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
২৫ মার্চ, ২০২৬ ০২:৩৩  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আক্রান্তের সপ্তাহের মধ্যে  মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও মুক্ত করা সম্ভব হয়নি বলে জানাগেছে। 

জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। ২৪ মার্চ এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন তানভীর হাসান জোহা। এ বিষয়ে জোহা বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

এদিকে হ্যাকিং বিষয়ক জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

ডিবিটেক/এমইউআইএম/ইকে