পারাপার নির্বিঘ্ন করতে ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুর  উভয় প্রান্তেই

সচল ইটিসি’র সঙ্গে টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ

সচল ইটিসি’র সঙ্গে টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ
৮ মার্চ, ২০২৬ ১৫:৪৮  

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পদ্মা ও যমুনা সেতু ব্যবহারকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম বা ইটিসি টোল বুথ চালু রয়েছে। একইসঙ্গে সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। 

এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

সেতু বিভাগের সম্মেলন কক্ষে ৮ মার্চ, রবিবার অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। এসময় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা যেন দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “ঈদযাত্রায় যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিময় করতে আমরা একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।” এছাড়া, সেতু পারাপারের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং বাস মালিকদের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন তিনি। প্রতিমন্ত্রী যাত্রীসাধারণকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান।

সেতু বিভাগের সচিব জানান, নির্বিঘ্ন ও দ্রুত টোল পরিশোধ নিশ্চিত করতে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু থাকবে, যা ইটিসি কার্ডধারী গাড়িগুলোকে দ্রুত সেতু পার হতে সাহায্য করবে। যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে টোল প্লাজায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ট্র্যাফিক মনিটরিং এবং প্রয়োজনীয় ভাংতি টাকার সংস্থান রাখা হবে। একই সঙ্গে, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের কারণে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, সেজন্য গাড়িচালক, মালিক এবং যাত্রীসাধারণের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিবিটেক/এমএআর/ইকে