অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, পোস্টাল ব্যালট থাকছে না: ইসি
অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে এ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট বা মোবাইল অ্যাপভিত্তিক ভোটিং সুবিধা থাকছে না বলে জানিয়েছে ইসি।
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসী ভোটারদের জন্য মোবাইল অ্যাপভিত্তিক ভোটিং বা আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট সুবিধা আপাতত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
২২ জুলাই, বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি জুলাই অথবা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। যেসব এলাকায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেসব পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকলে প্রয়োজন অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
স্থানীয় নির্বাচনে পোস্টাল ব্যালট নয়
নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ও প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা নিয়ে কাজ চললেও স্থানীয় সরকার নির্বাচনে এ সুবিধা আপাতত থাকছে না।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যমান ব্যবস্থাতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কমিশনের প্রস্তুতি সম্পন্ন।
আইন সংশোধন নির্বাচন বিলম্বিত করবে না
নির্বাচনী আইন সংশোধনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, আইনে সম্ভাব্য কিছু পরিবর্তনের সুপারিশ করা হলেও এর কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সংশোধিত আইন কার্যকর হলে সে অনুযায়ী নির্বাচন হবে, অন্যথায় বিদ্যমান আইনেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পর্যবেক্ষণ যুক্ত করে সংশোধনী প্রস্তাব পাঠানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধির পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে এবং তা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।
তিনি বলেন, বিদ্যমান আইন, প্রতিবেশী দেশগুলোর অনুশীলন এবং এ-সংক্রান্ত আদালতের অন্যান্য রায় বিশ্লেষণ করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সহিংসতা রোধে কঠোর নজরদারি
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে কমিশন কঠোর নজরদারি রাখবে বলে জানান নির্বাচন কমিশনার। পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণসংক্রান্ত বিদ্যমান আইনি অস্পষ্টতাও কমিশন দূর করার উদ্যোগ নেবে বলে তিনি জানান।
জামায়াতের এমপি বহিষ্কার প্রসঙ্গে
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।
তিনি বলেন, বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি কমিশনের কাছে পৌঁছালে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
//ডিবিটেক/ডিজেএন/এনএএম//





