গ্রাহকদের জন্য দেশজুড়ে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ করছে আম্বার আইটি
ব্রডব্যান্ড সেবার পাশাপাশি এবার সারাদেশে নিজেদের গ্রাহকদের জন্য ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে আম্বার আইটি লিমিটেড। চলতি বছরের মধ্যে সারাদেশে মোট ৫০০টি ওয়াই-ফাই জোন চালুর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
৮ মার্চ, রবিবার, আম্বার আইটির পক্ষ থেকে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানগুলোতে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এই পয়েন্টগুলো পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান ও মুদি দোকানের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই ওয়াই-ফাই পয়েন্টগুলো গড়ে তোলা হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন মেয়াদের কুপন কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ৫ ঘণ্টার প্যাকেজ ৮ টাকা, ১ দিনের জন্য ১২ টাকা, ৭ দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী ইপিজেড মোড়ে এই সেবা চালু হয়েছে। চলতি মাসের মধ্যে এবং ঈদ-উল-ফিতরের আগে আরও ১৫টি নতুন স্থানে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্যোগটি সম্পর্কে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, “সারাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি অতিরিক্ত আয়ের নতুন সুযোগ তৈরি করবে।” এই উদ্যোগ শিক্ষার্থী, ভ্রমণকারী এবং ফ্রিল্যান্সারসহ সাধারণ ব্যবহারকারীদের দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
জানিয়েছে, আম্বার আইটির বিদ্যমান গ্রাহকরা নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এই জোনে বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারবেন। এছাড়া যারা গ্রাহক নন, তারাও নামমাত্র মূল্যের কুপন কার্ড কিনে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
ডিবিটেক/এইচএইচ/এমইউএম







