ইরানের হামলায় অ্যামাজনের ডেটা সেন্টারে আগুন
মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড সার্ভিস বিভাগ এডব্লিউএস-এর সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে ইরান আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় ভোররাতে সংস্থাটির ‘মি-সেন্ট্রাল-১’ অঞ্চলের একটি ডেটা সেন্টারে ‘অজ্ঞাত বস্তুর আঘাত’ লেগেছে। এতে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু সেবা ব্যাহত হয়েছে। তবে আমিরাতের অন্যান্য ডেটা সেন্টার স্বাভাবিক আছে।
ডেটা সেন্টারে হামলার ঘটনাটি ঘটেছে আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে ইরান তার জবাবে আমিরাত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা হামলা চালায়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের ছোঁড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ড্রোনের মধ্যে অধিকাংশই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে তিনজনের মৃত্যু ও অন্তত ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এডব্লিউএস-এর মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগবে। আমিরাতের অন্যান্য ডেটা সেন্টার স্বাভাবিক থাকায় গ্রাহকদের সে সব সেন্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি



