মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে নতুন চুক্তি করল টিকটক
মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে নতুন এক যৌথ উদ্যোগ গঠনের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামে এই উদ্যোগে সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই যৌথ উদ্যোগে আমেরিকান ও বৈশ্বিক বিনিয়োগকারীদের মালিকানা থাকবে মোট ৮০ দশমিক ১ শতাংশ, আর বাইটড্যান্সের অংশীদারিত্ব থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ। উদ্যোগটির তিন প্রধান ব্যবস্থাপনা বিনিয়োগকারী হিসেবে থাকছে ক্লাউড সেবাদাতা ওরাকল, প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্স—প্রতিটি প্রতিষ্ঠানই ১৫ শতাংশ করে শেয়ার ধারণ করবে।
এই চুক্তিকে টিকটকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে টিকটক নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক চাপের মুখে ছিল। ২০২৪ সালে পাস হওয়া এক আইনে বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রির নির্দেশ দেওয়া হলেও ট্রাম্প পরে সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নেন।
চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, টিকটক এখন ‘মহান আমেরিকান দেশপ্রেমিক ও বিনিয়োগকারীদের’ মালিকানায় যাচ্ছে। তিনি এই চুক্তিতে সম্মতি দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকেও ধন্যবাদ জানান।
বাইটড্যান্স জানিয়েছে, নতুন যৌথ উদ্যোগটি তথ্য গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষিত রাখবে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত বা বাইটড্যান্সের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সব দিক এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ২০ কোটির বেশি। ডোনাল্ড ট্রাম্প নিজেও টিকটকে ১ কোটি ৬০ লাখের বেশি অনুসারী রয়েছে বলে জানা গেছে এবং তিনি অ্যাপটিকে নিজের পুনর্নির্বাচনে সহায়ক বলেও মন্তব্য করেছেন।
ডিবিটেক/বিএমটি







