শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন মাউশি পরিচালক ড. খান মইনুদ্দিন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই অভিজ্ঞ কর্মকর্তা বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।
তিনি এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ড. মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তার একান্ত সহকারী সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা ক্যাডারে তাঁর সক্রিয় নেতৃত্বের কারণে তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ পদে বেছে নেওয়া হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’ মোতাবেক শিক্ষামন্ত্রী যতদিন তার পদে বহাল থাকবেন অথবা যতদিন তিনি ড. সোহেলকে তার একান্ত সচিব হিসেবে রাখতে আগ্রহী হবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ডিবিটেক/প্রজ্ঞাপন/এমইউএম



