পাবলিক প্লেসে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট: উপদেষ্টা

পাবলিক প্লেসে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট: উপদেষ্টা
২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৭  

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ধাপে ধাপে ফ্রি বা সহজলভ্য ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 

একইসঙ্গে সাইবার নিরাপত্তা, ডেটা ব্যবস্থাপনা ও প্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ এবং ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগও চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

২২ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগের দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত উপদেষ্টা। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ডিবিটেক/আইএইচ/এমইউএম