৭ই নভেম্বর উদযাপনে কনস্যুলার সেবা আধুনিকায়ন ও প্রবাসী সংযোগের বার্তা

লস অ্যাঞ্জেলেসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উন্নত প্রযুক্তিনির্ভর কনস্যুলার সেবার অঙ্গীকার

  • লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে
  • প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত, সহজলভ্য ও সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে
  • অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে দুটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়

লস অ্যাঞ্জেলেসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উন্নত প্রযুক্তিনির্ভর কনস্যুলার সেবার অঙ্গীকার
৮ নভেম্বর, ২০২৬ ০৪:৫২  

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে এবং বিকেলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের পর দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তথ্যচিত্র ভিজ্যুয়াল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে দুটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাবলি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন উপস্থিাত প্রবাসীদের জন্য তথ্যবহুল উপস্থাপনা নিশ্চিত করে।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। একই সাথে বিগত শাসনামলের দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের বিচারের দাবি জানিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান জানান তারা।

কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ওপর আলোকপাত করেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একই সাথে প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত, সহজলভ্য ও সময়োপযোগী ডিজিটাল কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেটের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

//ডিবিটেক/এলএমএ/এসএমই/এসএমপি//