জেমিনি ব্যবহারের সময় কীভাবে মাল্টিটাস্কিং করবেন?
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী 'জেমিনি' ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে গুগল। এখন থেকে স্মার্টফোনে অন্য কাজ করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জেমিনিকে দিয়ে বিভিন্ন তথ্য খোঁজা বা কাজ করিয়ে নেওয়ার সুযোগ মিলবে। মূলত জেমিনির ফুল-স্ক্রিন ওভারলেকে ছোট করে একটি 'ফ্লোটিং বাবল' বা ভাসমান আইকনে রূপান্তর করার সুবিধা যুক্ত হওয়ায় সহজে মাল্টিটাস্কিং করা সম্ভব হচ্ছে।
যেভাবে কাজ করবে ফ্লোটিং বাবল
এই সুবিধাটি চালু করতে ব্যবহারকারীকে মোবাইলের পাওয়ার বাটন চেপে ধরে অথবা 'হে গুগল' বলে জেমিনি সক্রিয় করতে হবে। জেমিনির যে বক্সে বার্তা বা প্রশ্ন টাইপ করা হয়, ঠিক তার ওপরেই নতুন 'মিনিমাইজ' বাটন দেখতে পাওয়া যাবে। বার্তা টাইপ করে কিংবা মুখে বলে নির্দেশ দেওয়ার পর মিনিমাইজ অপশনে চাপ দিলেই পুরো পর্দা দখল করে থাকা জেমিনি ছোট একটি কালো রঙের ভাসমান বাবলে পরিণত হবে।
এই বাবলটির ভেতরে জেমিনির নিজস্ব লোগো দেখা যাবে। পাশাপাশি স্ক্রিনে একটি সংক্ষিপ্ত বার্তা ফুটে উঠবে, যেখানে বলা থাকবে- মাল্টিটাস্কিং করার সময়ও জেমিনি সচল থাকবে। বাবলটিতে আবার চাপ দিলে আগের বার্তাটি পুরো স্ক্রিনে ভেসে উঠবে এবং যেকোনো দিকে সরিয়ে নিয়ে বা টেনে ফেলে দিয়ে এটি বন্ধ করা যাবে।
ব্যাকগ্রাউন্ডে প্রশ্ন রেখে অন্য কাজ করার সুবিধা
নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীকে জেমিনির উত্তর পাওয়ার জন্য পর্দা আটকে রেখে অপেক্ষা করতে হবে না। যেমন—কাউকে বার্তা বা মেসেজ পাঠানোর সময় যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, তবে জেমিনিতে প্রশ্নটি লিখে মিনিমাইজ করে দেওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ডে উত্তর খুঁজতে থাকার সময় ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যে বন্ধুকে বার্তা পাঠাতে পারবেন। কাজ শেষ হলে ভাসমান বাবলে চাপ দিলেই কাঙ্ক্ষিত উত্তরটি স্ক্রিনে চলে আসবে।
বর্তমানে এই ভাসমান বাবলটি ফোনের স্ক্রিনের নির্দিষ্ট ছয়টি স্থানে রাখা যায়। তবে প্রাথমিক পর্যায়ে কারিগরি ত্রুটির কারণে মিনিমাইজ বাটনে চাপ দিলে বাবলটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের নিচে ডান কোণে চলে যাচ্ছে। গুগল দ্রুতই এই ক্ষুদ্র ত্রুটি সংশোধন করে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করার কাজ করছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: ফোনএরিনা





