অস্থির বছরের শেষে নিম্নমুখী হতে পারে বিটকয়েন

অস্থির বছরের শেষে নিম্নমুখী হতে পারে বিটকয়েন
৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০০  

২০২৫ সালে উত্থান–পতনে ভরা এক রোলার কোস্টারের মধ্য দিয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। বছরের শুরুতে নতুন উচ্চতায় পৌঁছালেও বছরের শেষে প্রথমবারের মতো ২০২২ সালের পর বার্ষিক পতনে শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে এ ডিজিটাল সম্পদটি। খবর রয়টার্স। 

এ বছর বিশ্ববাজারে শেয়ার সূচকগুলোও ওঠানামার মধ্য দিয়ে গেছে, আর সেই সঙ্গে শেয়ারবাজারের সঙ্গে বিটকয়েনের সম্পর্কও আরও স্পষ্টভাবে জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, খুচরা বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় বিটকয়েন এখন আরও বেশি শেয়ারবাজার–নির্ভর হয়ে উঠছে।

২০২৫ জুড়ে বৃহত্তর ইকুইটি বাজারের প্রভাব ছিল ক্রিপ্টো বাজারেও। এআই–সংক্রান্ত শেয়ারের অস্বাভাবিক মূল্যায়ন, সুদের হার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তন ক্রিপ্টো অস্থিরতা বাড়িয়েছে। 

অক্টোবরে ট্রাম্প প্রশাসনের নতুন চীনা আমদানি শুল্ক ঘোষণায় বিটকয়েন বাজারে ১৯ বিলিয়ন ডলারের বেশি লিকুইডেশন হয়, যা ইতিহাসে সবচেয়ে বড়। অক্টোবরের শুরুতে ১ লাখ ২৬ হাজার ডলার ছুঁলেও বর্তমানে বিটকয়েন প্রায় ৮৯ হাজার ডলারের কাছাকাছি ঘুরছে।

বাজার এখনও দুর্বল, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা কিছুটা কমেছে। অনেক বিশ্লেষক ও প্রতিষ্ঠান বছরের শুরুতে যে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ডলারের পূর্বাভাস দিয়েছিল, এখন তা আর বাস্তবসম্মত মনে হচ্ছে না।

ডিবিটেক/বিএমটি