কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত এআই চ্যাটবট আনছে অ্যাপল

কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত এআই চ্যাটবট আনছে অ্যাপল
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৮  

গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম কারপ্লেতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। প্রথমবারের মতো কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস–নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এত দিন কারপ্লেতে শুধু অ্যাপলের নিজস্ব ভয়েস সহকারী সিরিই ব্যবহার করা যেত। নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা গাড়ির ডিসপ্লে থেকেই অন্যান্য প্রতিষ্ঠানের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। বিশ্লেষকদের মতে, এটি অ্যাপলের দীর্ঘদিনের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম নীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই, অ্যানথ্রপিক এবং গুগলের মতো প্রতিষ্ঠানের এআই অ্যাপগুলো কারপ্লের জন্য আলাদা সংস্করণ আনতে পারবে, যেখানে ভয়েস কন্ট্রোল সুবিধা থাকবে। তবে সিরিকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ দিচ্ছে না অ্যাপল। কারপ্লের সিরি বোতাম বা ‘ওয়েক ওয়ার্ড’ পরিবর্তন করা যাবে না; ব্যবহারকারীদের সংশ্লিষ্ট এআই অ্যাপ খুলে তবেই তৃতীয় পক্ষের ভয়েস সুবিধা চালু করতে হবে।

আগামী এক মাসের মধ্যেই কারপ্লেতে এসব অ্যাপ সমর্থনের কাজ শুরু করতে পারে অ্যাপল। এতে ডেভেলপাররা এমনভাবে অ্যাপ তৈরি করতে পারবেন, যাতে অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ভয়েস মোড চালু হয়ে যায়। তবে এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ডিবিটেক/বিএমটি