শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জাপা নেতার রিল ভাইরাল

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জাপা নেতার রিল ভাইরাল
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭  

“জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব। আমাদের নেতা জিম কাদের বুক ফুলিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। দলনেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। দেশবাসী আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। প্রিয় পার্টি যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের সব মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করব।? 

রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য  মোকাম্মেল হক চৌধুরী। গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে দেয়া এই বক্তব্যের ৩১ সেকেন্ডের একটি রিল ৬ ফেব্রুয়ারি, শুক্রবার অনলাইন যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মধ্যরাতেই তা ভাইরাল হয়েছে। যাচাই করে দেখা গেছে, ভিডিও ক্লিপটি সত্য। 

প্রসঙ্গত,মোকাম্মেল হকের বাড়ি বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে। তিনি রংপুর আদালতের আইনজীবী। তার চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী তার চাচা।

এই বক্তব্য বিষয়ে জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মোকাম্মেল হক চৌধুরী ভুলবশত শেখ হাসিনার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তার ব্যক্তিগত মতামত। এ বিষয়ে মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ডিবিটেক/এফবিএম/ইকে