সোশ্যাল হ্যান্ডেলে ত্রি-শূলে বিদ্ধ তাহসান?
দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দিনভর নেটিজেনদের আলোচনার মধ্যে কথামতো সন্ধ্যায় ভক্ত-অনুরাগীদের চমক দেখালেন তাহসান। তবে এরপরেই কি ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে ত্রি-শূলে বিদ্ধ হলেন তিনি? একদিকে শুভ কামনা, অপর দিকে সাবেক স্ত্রীর তীর্যক ছবি। তবে সেসব ছাপিয়ে নতুন স্ত্রীর বাবাকে নিয়ে তৈরি ইউটিউব ভিডিও সবচেয়ে বেশি বিদ্ধ করছে তাকে। শিরোনাম হচ্ছে সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর?
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে নিজের ফেসবুক পেজে নববধূর সঙ্গে এক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করলেন তিনি। পোস্ট দেওয়ার পর ঘণ্টা না পেরুতেই সাড়ে তিন লাখের মতো রিঅ্যাক্ট জমা পড়ে। শেয়ার হয়ে যায় ৩৩ হাজারের বেশি। ছবির তলায় মন্তব্য ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
পোস্ট করা ছবিতে নতুন সঙ্গী রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদের কাজের প্রমাণ যেমন প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে ছবির ক্যাপশনে ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ গানের লিরিক লিখে শৈল্পিক এক আবহ প্রকাশ করেছন।
এমন খববের দিনে ফেসবুকে নিরব থাকলেও ইনস্টাগ্রামে মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফির ডে আপলোড করেছেন তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও অন্তর্জালে সে সময় তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।
জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। যুক্তরাষ্ট্রপ্রবাসী তিনি, পেশায় মেকওভার আর্টিস্ট। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।
স্ত্রীর পরিচয় দিতে গিয়ে তাহসান জানিয়েছেন, রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।
এর আগে সকাল থেকেই সামাজিকমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
এমন শুভকামনার মধ্যে আলোচনায় এসেছেন রোজা আহমেদের পিতা ফারুক আহমেদ। সোশ্যাল মিডিয়াতে তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে ‘পানামা ফারুক’ নামে। ইউটিউবে ছড়িয়ে পড়ছে এ নিয়ে নির্মিত ভিডিও। তথ্য বলছে, ফারুক আহমেদ ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন। তিনি বরিশাল নগরের চকবাজার এলাকার বাসিন্দা ছিলেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ ১০টি মামলা ছিল। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তিনি এবং তাঁর বাহিনীর সদস্যরা বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত তারা দেশে ফিরে আসেননি।
পানামা ফারুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতাসীনের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন, যার ফলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বরিশাল নগরের উত্তর-পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন এবং বাজার রোডে পানামা ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁর নামের সাথে ‘পানামা’ যুক্ত হয়ে যায়, এবং তিনি ‘পানামা ফারুক’ নামে পরিচিত হন।







