বয়স যাচাই বাধ্যতামূলক করলো রোবলক্স
শিশু সুরক্ষা নিয়ে একাধিক মামলা ও তদন্তের প্রেক্ষাপটে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চ্যাট ব্যবহারে বাধ্যতামূলক বয়স যাচাই চালু করেছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি বাজারে চালুর পর এখন এই ব্যবস্থা সবার জন্য কার্যকর করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
নতুন নিয়ম অনুযায়ী, চ্যাট সুবিধা ব্যবহার করতে হলে রোবলক্স অ্যাপে ক্যামেরা অনুমতি দিয়ে মুখের মাধ্যমে বয়স যাচাই সম্পন্ন করতে হবে।
রোবলক্স জানিয়েছে, এই যাচাই প্রক্রিয়ায় ব্যবহৃত ছবি বা ভিডিও যাচাই শেষ হলে মুছে ফেলা হবে। তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী পারসোনা এই যাচাই পরিচালনা করছে এবং তারাও তথ্য সংরক্ষণ করবে না।
১৩ বছর বা তার বেশি বয়সীরা চাইলে মুখ যাচাইয়ের বদলে পরিচয়পত্রের মাধ্যমে বয়স প্রমাণ করতে পারবেন। বয়স যাচাই ঐচ্ছিক হলেও চ্যাট ব্যবহারের জন্য এটি বাধ্যতামূলক।
যাচাই শেষে ব্যবহারকারীরা বয়সভিত্তিক চ্যাট সুবিধা পাবেন, যেখানে নির্দিষ্ট বয়স গোষ্ঠীর মধ্যেই যোগাযোগ সীমাবদ্ধ থাকবে। মোট ছয়টি বয়স গোষ্ঠী নির্ধারণ করা হয়েছে। নয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ছাড়া চ্যাট ডিফল্টভাবে বন্ধ থাকবে।
রোবলক্সের মতে, জন্মসাল লিখে বয়স জানানোর চেয়ে এই পদ্ধতি বেশি নির্ভুল এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
ডিবিটেক/বিএমটি







