চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম

চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম
৯ মে, ২০২৬ ২১:২৪  
৯ মে, ২০২৬ ২১:৩৪  

বিশ্বজুড়ে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি এবং মার্কিন শুল্ক নীতির প্রভাবে জনপ্রিয় গেমিং কনসোল ‘সুইচ ২’-এর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপানি গেম নির্মাতা প্রতিষ্ঠান  নিনটেন্ডো। শুক্রবার প্রকাশিত প্রতিষ্ঠানের সর্বশেষ আয়-ব্যয় প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে কনসোলটির দাম ৫০ ডলার বাড়িয়ে এখন ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়লেও সনির চেয়ে কম
পিএস-৫ কনসোলের দাম গত এক বছরে প্রায় ১৫০ ডলার বাড়িয়েছে সনি। সেই তুলনায়  নিনটেন্ডোর দাম বৃদ্ধির হার কিছুটা কম। তবে বিশ্লেষকদের মতে,  নিনটেন্ডোর ভক্তদের বড় অংশই তরুণ এবং তারা দামের ব্যাপারে বেশ সচেতন। ফলে এই মূল্যবৃদ্ধি বিক্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভাবনীয় প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পূর্বাভাস
গত অর্থবছরের মাত্র তিন প্রান্তিকে প্রায় ১ কোটি ৯৮ লাখ ‘সুইচ ২’ কনসোল বিক্রি করেছে  নিনটেন্ডো। তবে আগামী বছরের জন্য তারা বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়ে ১ কোটি ৬৫ লাখে নামিয়ে এনেছে। যদিও অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন এই সংখ্যা ২ কোটির বেশি হবে, তবে চিপ সংকট ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি কিছুটা রক্ষণশীল অবস্থান নিয়েছে।

২০২৬ অর্থবছরে  নিনটেন্ডোর আয় গত বছরের তুলনায় অবিশ্বাস্যভাবে ৯৮.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.৩ ট্রিলিয়ন ইয়েনে (প্রায় ১৪.৭ বিলিয়ন ডলার)। তবে মেমোরি চিপের দাম বেড়ে যাওয়া এবং শুল্ক বাবদ আগামী বছর প্রতিষ্ঠানটির অতিরিক্ত ১০০ বিলিয়ন ইয়েন খরচ হতে পারে।

সফটওয়্যারে চমক
কনসোলের দাম বাড়লেও  নিনটেন্ডোর সফটওয়্যার বা গেম বিক্রিতে উল্লম্ফন দেখা গেছে। গত অর্থবছরে মোট ১৮ কোটি ৫৬ লাখ গেম বিক্রি হয়েছে। এর মধ্যে ‘মারিও কার্ট ওয়ার্ল্ড’ এবং ‘পোকিমন লিজেন্ডস: জেড-এ’ শীর্ষ তালিকায় রয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুপার মারিও গ্যালাক্সি’ সিনেমাটি মাত্র চার সপ্তাহে ৮০ কোটি ডলারের বেশি ব্যবসা করেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায়  নিনটেন্ডো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে, যেখানে হার্ডওয়্যারের তুলনায় সফটওয়্যার বা গেম বিক্রি থেকে বেশি মুনাফা অর্জনের পরিকল্পনা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট