চ্যাটজিপিটি হেলথ চালু করলো ওপেনএআই
ওপেনএআই নতুন সেবা ‘চ্যাটজিপিটি হেলথ’ উন্মোচন করেছে, যা ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যবিষয়ক আলাপের একটি আলাদা পরিসর দেবে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটি মানুষ চ্যাটজিপিটিতে স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত প্রশ্ন করেন। নতুন এই সেবার মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত কথোপকথন অন্য সাধারণ আলাপ থেকে আলাদা রাখা হবে, যাতে ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত প্রেক্ষাপট স্বাভাবিক চ্যাটে প্রভাব না ফেলে।
যদি কেউ হেলথ অংশের বাইরে স্বাস্থ্য নিয়ে কথা শুরু করেন, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ব্যবহারকারীকে নির্দিষ্ট হেলথ অংশে যেতে উৎসাহ দেবে। তবে প্রয়োজন অনুযায়ী সাধারণ ব্যবহারের কিছু তথ্য হেলথ অংশে কাজে লাগতে পারে।
ভবিষ্যতে চ্যাটজিপিটি হেলথ অ্যাপল হেলথ, ফাংশন ও মাইফিটনেসপাল-এর মতো সুস্থতা অ্যাপের তথ্যের সঙ্গে সংযুক্ত হতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, হেলথ সংক্রান্ত কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।
ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিজি সিমো বলেছেন, উচ্চ ব্যয়, সেবায় সীমিত প্রবেশাধিকার ও চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিকতার ঘাটতির মতো সমস্যার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, চ্যাটজিপিটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সেবা চালু হবে।
ডিবিটেক/বিএমটি







