ফের অপোর অধীনে সাব-ব্র্যান্ডে ফিরছে রিয়েলমি

ফের অপোর অধীনে সাব-ব্র্যান্ডে ফিরছে রিয়েলমি
৮ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৯  

স্মার্টফোন নির্মাতা রিয়েলমি আবারও মূল ব্র্যান্ড অপোর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম লেইফেং ডটকম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর জিএসএম এরিনা।

প্রতিবেদনে বলা হয়, অপোর অভ্যন্তরীণ সূত্রের বরাতে এই পুনর্গঠনের সিদ্ধান্ত এসেছে। নতুন ব্যবস্থায় রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি তাঁর বর্তমান দায়িত্ব বহাল রাখবেন এবং অপোর ব্যবস্থাপনার আওতায় রিয়েলমি সাব-ব্র্যান্ডের নেতৃত্ব দেবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে অপো, রিয়েলমি ও আরেক সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাসের মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করতে চায় অপো। পাশাপাশি সম্পদ ব্যবস্থাপনা আরও দক্ষ করা এবং বৈশ্বিক বাজারে অপোর সম্প্রসারণ কৌশল শক্তিশালী করাও এর অন্যতম লক্ষ্য। 

নতুন কাঠামোয় অপো থাকবে প্রধান ব্র্যান্ড হিসেবে, আর ওয়ানপ্লাস ও রিয়েলমি নিজেদের আলাদা বিপণন কৌশল বজায় রেখে পরিপূরক সাব-ব্র্যান্ড হিসেবে কাজ করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিবর্তনে রিয়েলমির ভবিষ্যৎ পণ্য উন্মোচনে কোনো প্রভাব পড়বে না। ঘোষিত সময়সূচি অনুযায়ীই নতুন ডিভাইস বাজারে আসবে। 

তবে বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে রিয়েলমিকে অপোর সেবাব্যবস্থার সঙ্গে একীভূত করা হবে, যার আওতায় চীনে পাঁচ হাজারের বেশি ফিজিক্যাল স্টোর রয়েছে। 

উল্লেখ্য, ২০১৮ সালে রিয়েলমি যাত্রা শুরু করেছিল অপোর সাব-ব্র্যান্ড হিসেবে, পরে সে বছরই স্বাধীন ব্র্যান্ডে রূপ নেয়।

ডিবিটেক/বিএমটি