আগামী মাসেই আসছে স্যামসাংয়ের প্রথম এআইচালিত স্মার্ট গ্লাস
স্মার্ট পরিধেয় বা ওয়্যারেবল প্রযুক্তির বাজারে মেটার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে আগামী মাসেই নিজেদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট চশমা বা ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিমাধ্যম ‘চোসানবিজ’-এর সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্য-ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাজারে একযোগে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে। পরবর্তীতে ২০২৭ সালের শুরুতে পর্যায়ক্রমে ইউরোপ, চীন ও জাপানের বাজারে এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সফটওয়্যার পারফরম্যান্স
গত মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও কনফারেন্সে অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মের অংশ হিসেবে চশমাটির প্রোটোটাইপ বা প্রাথমিক ধারণা প্রথম প্রদর্শন করা হয়েছিল। এতে প্রধান চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন এআর১ জেন ১’ প্রসেসর, যা মূলত হালকা স্মার্ট চশমা পরিচালনার উপযোগী করে তৈরি।
চশমাটির মূল আকর্ষণ হলো গুগলের ‘জেমিনি’ এআই প্রযুক্তির সরাসরি সংহতকরণ। ফলে ব্যবহারকারী তাঁর চোখের সামনের যেকোনো বস্তু সম্পর্কে তথ্য পেতে, রিয়েল-টাইমে লিখিত ও মুখের ভাষা অনুবাদ করতে কিংবা স্মার্টফোন না দেখেই সরাসরি ভয়েস নেভিগেশন সুবিধা উপভোগ করতে পারবেন।
ডিভাইসটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, স্টেরিও স্পিকার এবং মাল্টি-মাইক্রোফোন অ্যারে। স্যামসাংয়ের দাবি, এতে ব্যবহৃত ব্যাটারি এক চার্জে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে চশমাটিতে আলাদা কোনো বিল্ট-ইন স্ক্রিন বা ডিসপ্লে রাখা হয়নি; অর্থাৎ এটি মেটার রে-ব্যান চশমার মতোই মূল অডিও এবং ক্যামেরানির্ভর একটি স্মার্ট এক্সেসরি হিসেবে কাজ করবে। তবে স্যামসাং পরবর্তীতে ডিসপ্লে সংবলিত আরেকটি দ্বিতীয় সংস্করণ বাজারে আনার কাজও শুরু করেছে।
স্টাইল ও বাজারমূল্যের সমীকরণ
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি চশমাটির ফ্যাশন ও ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। এজন্য আন্তর্জাতিক চশমা ব্র্যান্ড ‘জেন্টল মনস্টার’ এবং ‘ওয়ারবি পার্কার’-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে একাধিক স্টাইল ও রঙের অপশনে এটি বাজারজাত করা হবে।
স্যামসাং এখনো চশমাটির চূড়ান্ত আনুষ্ঠানিক দাম ঘোষণা করেনি। তবে ফাঁস হওয়া তথ্যানুযায়ী, এর বাজারমূল্য ৩৪৯ থেকে ৪৯৯ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। বাজারে মেটা রে-ব্যানের থার্ড জেনারেশনের প্রারম্ভিক মূল্য ৪৪৯ ডলার হওয়ায় স্যামসাংয়ের এই মূল্যসীমাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: ফোনএরিনা





