রাজধানীতে ৮ম হোস্টিং সামিট অনুষ্ঠিত
পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন নিয়ে রাজধানীর নিকুঞ্জে আলফা নেটে অনুষ্ঠিত হলো ৮ম হোস্টিং সামিট ২০২৬। আলোচানা কেন্দ্রিক এই সামিটে বাংলাদেশের হোস্টিং শিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে অংশগ্রহণকারীরা।
৪ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, পুলিশের সাইবার নিরাপত্তা শাখাসহ দেশের প্রায় ৩০টি শীর্ষ ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানি এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি আরবের মদিনায় অবস্থিত প্রিন্স মুগরিন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক কম্পিউটিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহমান। মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার।
সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, দেশের হোস্টিং শিল্পের টেকসই উন্নয়নে আধুনিক অবকাঠামো গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ডিজিটাল অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ডিবিটেক/ডিজেও/ইকে







