শেষ হলো সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫

শেষ হলো সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫
১৩ ডিসেম্বর, ২০২৫ ২১:১৯  

শেষ হলো রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া ৫ দিনব্যাপী ‘সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫’। ১৩ ডিসেম্বর, শনিবার রাত ৮টার দিকে পর্দা নামে সর্বশেষ সংস্করণের সব কম্পিউটার, ল্যাপটপ, আর অন্যান্য যন্ত্রসহ নিত্যনতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের এই প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির কারণে ১৪ ডিসেম্বর, রবিবার বন্ধ থাকছে বিসিএস কম্পিউটার সিটি।

প্রদর্শনীতে আগতদের মধ্যে লটারিতে ৫জন পেয়েছেন কক্সবাজার কাপল এয়ার টিকিট ও দুই রাত হোটেলে যাপনের টিকিট। র‌্যাফেল ড্র-তে আরও দেয়া হয়েছে বাইসাইকেল, রাইস কুকার, ব্লেন্ডার মেশিনের মতো বিভিন্ন উপহার। ঘোষণা করা হয়েছে টেক কুইজ বিজয়ীদের নামও। 

৫ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকায় মেলার কারণে ১২ ডিসেম্বর, শুক্রবার দর্শনার্থী ও ক্রেতা কম থাকলেও মেলার শেষ দিন, শনিবার সাধারণ সময়ের তুলনায় ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্যের বিক্রি বেশি হয়েছে বলে জানিয়েছেন কম্পিউটার সিটির বিভিন্ন বড় প্রতিষ্ঠানের বিক্রেতারা।  ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার ল্যাপটপ তুলনামূলক বেশি বিক্রি হয়েছে কম্পিউটারের তুলনায়। তার অন্যতম কারণ র‍্যাম ও এসএসডির দাম বৃদ্ধি।

তবে হতাশ ছোট প্রতিষ্ঠানের বিক্রেতারা। তাদের ভাষ্য, ‘আমরা আশানুরূপ বিক্রি করতে পারিনি এবং মেলা উপলক্ষে যে পরিমাণ ক্রেতাসমাগম হবে মনে করেছিলাম তাও হয়নি।’ 

এদিকে শুক্রবার অনুষ্ঠিত গিগাবাইট চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান এবং মেলার আহ্বায়ক মো. জায়েদ আলী ভূইয়াসহ কমিটির সব সদস্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইটের প্রডাক্ট ম্যানেজার ও স্মার্ট টেকনোলজির সহকারী মহাব্যবস্থাপক মো. তানজিম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন কার্টুনিস্ট, লেখক ও উন্মাদের প্রতিষ্ঠাতা সম্পাদক আহসান হাবিব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদসহ অনেকে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি উন্মুক্ত বিভাগসহ ৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য মোট চারটি বিভাগে আয়োজন করা হয়। বিভাগগুলোতে প্রথম স্থান অর্জন করে সমৃদ্ধি রায়, অর্পণ দাশ, মো. মনতাসিবুল ইসলাম এবং আসিফ হাসান।

ডিবিটেক/পিএও/ইকে