এবার মোবাইল ছাড়াই উবার বুকিং সুবিধা

এবার মোবাইল ছাড়াই উবার বুকিং সুবিধা
১০ ডিসেম্বর, ২০২৫ ২০:০০  

মোবাইল অ্যাপ ছাড়াই রাইড বুক করার কিয়স্ক বসাচ্ছে উবার। বিশেষ করে বিদেশি ভ্রমণকারীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এনগ্যাজেট।

ভ্রমণকারীরা নতুন দেশে এসে মোবাইল ডেটা না-ও পেতে পারেন। আবার কারও ফোনের চার্জ শেষ হয়ে গেলে বা অ্যাপ ব্যবহার করা না গেলে এ কিয়স্ক হতে পারে তাৎক্ষণিক সমাধান। যাত্রীরা কিয়স্কে গিয়ে গন্তব্য ও পছন্দমতো রাইডের ধরন নির্বাচন করতে পারবেন। বুকিং সম্পন্ন হলে প্রিন্টেড রসিদে রাইড সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

খবরে বলা হয়, উবারের প্রথম কিয়স্কটি স্থাপন করা হয়েছে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের টার্মিনাল সি-তে। উবার জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের আরও বিভিন্ন বিমানবন্দর, হোটেল ও বন্দর এলাকায় এ ধরনের কিয়স্ক স্থাপন করা হবে।

বিমানবন্দরে এই কিয়স্ক উবারকে ঐতিহ্যবাহী ট্যাক্সির আরও ঘনিষ্ঠ প্রতিযোগী হিসেবে দাঁড় করাবে। কারণ এখানে অ্যাপ ছাড়াই যাত্রীরা কিয়স্ককে ডিসপ্যাচারের মতো ব্যবহার করে রাইডশেয়ার বা হলুদ ট্যাক্সি বেছে নিতে পারবেন।

লাগার্ডিয়াতেই উবার ২০২৪ সালে শাটল বাস সেবা চালু করেছিল, যা পরে জেএফকে বিমানবন্দরে সম্প্রসারিত হয়। আজ উবার জানায়, এ সেবা এখন নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও চালু করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি