যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় চীনের আরও দুই প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় চীনের আরও দুই প্রতিষ্ঠান
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৪  

যুক্তরাষ্ট্র শুক্রবার চীনের দুই প্রতিষ্ঠানকে শাস্তি দিয়েছে, যারা চীনের শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি–এর জন্য মার্কিন চিপ তৈরির যন্ত্রপাতি সংগ্রহ করেছিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের ঘোষণায় বলা হয়, নতুন করে ৩২টি প্রতিষ্ঠানকে সীমিত বাণিজ্য তালিকায় যুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৩টি চীনে অবস্থিত। খবর রয়টার্স।

জিএমসি সেমিকন্ডাক্টর টেকনোলজি (উক্সি) কোম্পানি এবং জিকুন সেমিকন্ডাক্টর টেকনোলজিকে তালিকাভুক্ত করা হয়েছে, কারণ তারা এসএমআইসি–এর উত্তরাঞ্চলীয় সমন্বিত সার্কিট উৎপাদন শাখা ও বেইজিং শাখার জন্য যন্ত্রপাতি সংগ্রহ করেছিল। এসব প্রতিষ্ঠান আগেই তালিকাভুক্ত ছিল এবং যুক্তরাষ্ট্র থেকে তাদের কাছে যন্ত্র রপ্তানিতে লাইসেন্স প্রয়োজন, যা সাধারণত অনুমোদিত হতো না।

এছাড়া শাংহাই ফুদান মাইক্রোইলেকট্রনিক্স টেকনোলজি কোম্পানিসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকায় যোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠান চীনের সামরিক আধুনিকায়ন, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ও সমন্বিত উৎপাদনে সহায়তা করেছে এবং সরাসরি চীনের সামরিক ও নিরাপত্তা খাতে প্রযুক্তি সরবরাহ করেছে।

যুক্তরাষ্ট্র আরও অভিযোগ করেছে, শাংহাই ফুদান মাইক্রোইলেকট্রনিক্স রাশিয়ার সামরিক খাতেও প্রযুক্তি সরবরাহ করেছে। ফলে কোম্পানিটির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন তালিকায় ভারত, ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে।

ডিবিটেক/বিএমটি