অনলাইনেই স্টকে থাকা আমদানি ফোন তালিকাভুক্ত করছে বিটিআরসি

অনলাইনেই স্টকে থাকা আমদানি ফোন তালিকাভুক্ত করছে বিটিআরসি
১০ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১  
১০ ডিসেম্বর, ২০২৫ ১৫:২১  

দেশের বাজারে থাকা অবিক্রীত সব মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিতকরণের (তালিকাভুক্ত) বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সময়ের মধ্যে ব্যক্তিগত ও ব্যবসায় পর্যায়ে বিদেশ থেকে দেশে আনা নতুন মোবাইল ফোন নিবন্ধনের জন্য ১০ ডিসেম্বর, বুধবার একটি এক্সসেল সিট সরবরাহ করা হয়েছে কমিশন থেকে। বিটিআরসি’র ওয়েব সাইটে ফোনের তথ্য সংযুক্তির জন্য নমুনা ফাইল দেয়া হয়েছে।  

এই এক্সসেল সিটে হাতে থাকা ফোনের ব্র্যান্ড, মডেল, মূল্য, কেনার স্থান ও আইএমইআইসহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। ফরমে ৩৫ ধরনের তথ্য চাওয়া হলেও ১৬টি ক্ষেত্রে মোবাইল ব্যবসায়ীদের তথ্য প্রদানে বাধ্যবাধকতা না রেখে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখতে বলা হয়েছে। আর ৭ নম্বর কলামে অ্যাপ রেফারেন্স ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ঠিকানা লেখতে বলেছে বিটিআরসি। 

সূত্রমতে, এই ফর্মের নমুনা অনুযায়ী অব্যবহৃত ও আমদানিকৃত অনিবন্ধিত ফোনের তথ্য সন্নিবেশ করলে ১৬ ডিসেম্বর এনাইআইআর সেবা চালুর পর সেগুলোও নিবন্ধিত ফোন হিসেবে সচল থাকবে।  এজন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে স্টকে থাকা সব ফোনের এনইআই নিবন্ধনের জন্য এক্সএল ফর্মটি প্রস্তুত করে সংযুক্ত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মুঠোফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ সহযোগিতার বিষয়ে ৯ ডিসেম্বর, মঙ্গলবার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই স্প্রেডশিটটি সংশ্লিষ্টদের সঙ্গে শেয়ার করেছে বিটিআরসি। 

মোবাইলফোন আমদানি এবং ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদানের প্রক্রিয়া সহজিকরণ ও সব পক্ষকে এক ছাতার নিচে আনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিটিআরসি’র সংশ্লিষ্ট শাখা। 
ডিবিটেক/জেইউ/ইকে