চ্যাটজিপিটির গ্রাহক প্রবৃদ্ধিতে ধীরগতি
ওপেনএআই–এর চ্যাটজিপিটির ব্যবহারকারীর প্রবৃদ্ধি ধীর হতে শুরু করেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। বিশ্বের মোবাইল ডিভাইস বাজারে এখনো ৫০% ডাউনলোড ও ৫৫% মাসিক সক্রিয় ব্যবহারকারীর দখল চ্যাটজিপিটির হাতে থাকলেও, গুগলের জেমিনি ডাউনলোড, মাসিক ব্যবহারকারী বৃদ্ধি ও অ্যাপে ব্যবহারের সময়- সব ক্ষেত্রেই দ্রুত এগোচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী চ্যাটজিপিটির মাসিক সক্রিয় ব্যবহারকারী বছরে ১৮০% বেড়েছে; একই সময়ে জেমিনির প্রবৃদ্ধি ১৭০%। তবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী বৃদ্ধি ছিল মাত্র ৬%, যা প্রায় ৮১০ মিলিয়নে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এই ধীর গতি বাজারে এক ধরনের পরিপূর্ণতার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারী একই সময়ে ৩০% বেড়েছে, বিশেষ করে এর নতুন ইমেজ জেনারেশন মডেল ‘ন্যানো ব্যানানা’ প্রকাশের পর। যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমেই জেমিনির ব্যবহার দ্বিগুণ হওয়া গুগলের জন্য বাড়তি সুবিধা এনে দিয়েছে।
বাজারে শেয়ার হারানোর আরেকটি কারণ হলো প্রতিযোগীদের উত্থান। ২০২৫ সালে পারপ্লেক্সিটির ব্যবহারকারী বেড়েছে ৩৭০%, ক্লডের ১৯০%। এর ফলে গত চার মাসে চ্যাটজিপিটির বিশ্বব্যাপী বাজার শেয়ার তিন শতাংশ কমেছে।
ডাউনলোড প্রবৃদ্ধিতেও চ্যাটজিপিটি পিছিয়ে। নভেম্বরে তাদের ডাউনলোড ছিল বছরে ৮৫% বৃদ্ধি- যেখানে সামগ্রিক বাজার প্রবৃদ্ধি ১১০%। তুলনায় পারপ্লেক্সিটি ২১৫% ও জেমিনি ১৯০% প্রবৃদ্ধি দেখিয়েছে।
ব্যবহারকারীর সময় ব্যয়ের ক্ষেত্রেও চ্যাটজিপিটি পিছিয়েছে। নভেম্বর পর্যন্ত জেমিনি ব্যবহারকারীরা গড়ে দৈনিক ১১ মিনিট অ্যাপে কাটিয়েছে, যা মার্চের তুলনায় ১২০% বেশি। বিপরীতে চ্যাটজিপিটির ব্যবহারের সময় বেড়েছে মাত্র ৬%, এমনকি জুলাইয়ের তুলনায় নভেম্বরে ১০% কমেছে।
বিশ্লেষকদের মতে, জেমিনির সাম্প্রতিক উত্থান মূলত ‘ন্যানো ব্যানানা’র জনপ্রিয়তার কারণে। তবে ওপেনএআই নতুন পণ্য বা শক্তিশালী ফিচার আনলে প্রবৃদ্ধি আবার বাড়তে পারে।
ডিবিটেক/বিএমটি







