বাংলালিংকের ব্র্যান্ড পরিচয়ে ‘লাভ’ চিহ্ন

বাংলালিংকের ব্র্যান্ড পরিচয়ে ‘লাভ’ চিহ্ন
১ ডিসেম্বর, ২০২৫ ১৬:০৬  

‘অত্যাধুনিক, গ্রাহক–কেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর’ অপারেটর হিসেবে রূপান্তরে ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। নতুন লোগোতে- পুরোনো চতুষ্কোনের বদলে নামের অদ্যাক্ষর ‌‘বি’ কে এমন ভাবে তুলে ধরা হয়েছে- দেখতে ভালোবাসার চিহ্ন ‘লাভ’ আকৃতিতি রূপ নিয়েছে। স্লোগান হিসেবে বলা হয়েছে- বাংলালিংক ‘আপনার জন্য’।  

গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি বলছে, “এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক নতুন এক যুগে প্রবেশ করেছে। অপারেটরটির লক্ষ্য শুধুমাত্র নেটওয়ার্ক সেবা প্রদানকারী হিসেবে নয়, বরং গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের কোটি মানুষকে সেবা প্রদান করা। বাংলালিংকে প্রতিটি সেবা শুরু হয় গ্রাহকের প্রয়োজন অনুধাবন করার মধ্য দিয়ে, আর শেষ হয় তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি প্রয়োজন যত্নের সাথে সমাধান করার মাধ্যমে।”

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন পরিচয় বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। ভিওনের লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন’ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবা ও পরিসরকে ডিজিটালভাবে আরও সমৃদ্ধ করা এবং গ্রাহকদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সমৃদ্ধ করা।

নতুন পরিচেয়ের উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “নতুন এ ব্র্যান্ড পরিচয় শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়। এটি আমাদের মূল প্রতিষ্ঠান ভিওনের ডিজিটাল অপারেটরের লক্ষ্য এবং আমাদের গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার লক্ষ্যের সাহসী পুনর্ব্যক্তি।

“আমাদের নতুন পরিচয় গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা নির্ভরযোগ্য সংযোগ আর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে চাই। আমরা এমন এক ভবিষ্যৎ তৈরি করছি, যেখানে বিশ্বমানের ডিজিটাল সেবা মানুষের প্রতিদিনের জীবনের অংশ হবে এবং কোটি মানুষের হাতের নাগালে আসবে।”

প্রসঙ্গত, টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাব অনুযায়ী, গত বছরের মে মাসে বাংলালিংকের গ্রাহক ছিল ৪ কোটি ৪৭ লাখ। আর চলতি বছরের সেপ্টেম্বরে এই মোবাইল অপারেটরটির গ্রাহকসংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ কোটি ৭০ লাখে। ১৬ মাসের ব্যবধানে অপারেটরটি হারিয়েছে ৬৮ লাখ গ্রাহক। এই ১৬ মাসের মধ্যে দেশে মোট মোবাইল গ্রাহক কমেছে ৭১ লাখ ২০ হাজার। এর মধ্যে রবির গ্রাহক কমেছে ১৩ লাখ ৬০ হাজার। অন্যদিকে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ৯ লাখ ৪০ হাজার।
ডিবিটেক/বিএনটি/ইকে