শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে মালয়েশিয়া

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে মালয়েশিয়া
২৪ নভেম্বর, ২০২৫ ০৯:৫৯  
২৪ নভেম্বর, ২০২৫ ২০:৪৫  

মালয়েশিয়া ঘোষণা করেছে যে ২০২৬ সাল থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়তে থাকায় দেশটি নতুন এই পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর রয়টার্স।

রবিবার দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বয়সসীমা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে, যাতে কিশোরদের সাইবারবুলিং, আর্থিক প্রতারণা এবং শিশুদের প্রতি অনলাইনে নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া যায়।

মন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ বছরের নিচে ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে—এমন উদ্বেগ বিশ্বব্যাপী বাড়ছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটা প্ল্যাটফর্মস ইতোমধ্যে এই বিষয়ে যুক্তরাষ্ট্রে মামলার মুখোমুখি হয়েছে।

অস্ট্রেলিয়ায় আগামী মাস থেকেই ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিশ্বব্যাপী পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক এবং গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ অ্যাপ পরীক্ষায় যুক্ত আছে।

ইন্দোনেশিয়া শুরুতে বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করলেও পরে তুলনামূলক নরম নিয়ম প্রয়োগ করে। মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন জুয়া, বর্ণ, ধর্ম এবং রাজতন্ত্র সম্পর্কিত ক্ষতিকর কনটেন্ট বৃদ্ধির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি বাড়িয়েছে। এখন দেশটিতে ৮ মিলিয়নের বেশি ব্যবহারকারীসমৃদ্ধ প্ল্যাটফর্মগুলোকে লাইসেন্স নিতে হচ্ছে।

ডিবিটেক/বিএমটি