যুক্তরাষ্ট্রে নোকিয়ার ৪০০ কোটি ডলারের এআই বিনিয়োগ পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে নোকিয়ার ৪০০ কোটি ডলারের এআই বিনিয়োগ পরিকল্পনা
২২ নভেম্বর, ২০২৫ ২৩:২৬  

ফিনল্যান্ডের টেলিকম সরঞ্জাম নির্মাতা নোকিয়া ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে, যার মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর নেটওয়ার্ক সংযোগে গবেষণা, উন্নয়ন ও উৎপাদন জোরদার করা। কোম্পানিটি জানায়, এই বিনিয়োগের মধ্যে ৩৫০ কোটি ডলার যাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে, আর বাকি ৫০ কোটি ডলার ব্যয় হবে টেক্সাস, নিউ জার্সি ও পেনসিলভানিয়ার মতো অঙ্গরাজ্যে উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে। খবর রয়টার্স।

নোকিয়া বর্তমানে উত্তর আমেরিকায় ডজনের বেশি স্থাপনা পরিচালনা করছে এবং নিউ জার্সিতে তাদের বিখ্যাত বেল ল্যাবস রয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন কৌশল প্রকাশ করেছে, যেখানে কার্যক্রমকে আরও দক্ষ করে তোলা ও এআই–চালিত প্রযুক্তিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

গত জুলাইয়ে শুল্ক বৃদ্ধি ও দুর্বল ডলারের কারণে দেয়া মুনাফা সতর্কতার পর এই বড় বিনিয়োগ ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রে দেশীয় টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক না থাকায় নোকিয়া, এরিকসন ও স্যামসাংই প্রধান বিকল্প হিসেবে রয়েছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, অক্টোবরের একটি হোয়াইট হাউস বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নোকিয়াকে ঘিরে আলোচনা হয়েছিল। নোকিয়ার নবনিযুক্ত প্রধান নির্বাহী জাস্টিন হোটার্ড বলেন, কোম্পানির নেটওয়ার্ক ব্যবসায় এখন অগ্রাধিকার সেসব দেশ, যারা পশ্চিমা প্রযুক্তিকে মূল্য দেয়।

ডিবিটেক/বিএমটি