অবশেষে চ্যাট ফিচার আনলো এক্স

অবশেষে চ্যাট ফিচার আনলো এক্স
১৬ নভেম্বর, ২০২৫ ১৫:৫৯  

এক্স অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত নতুন মেসেজিং প্ল্যাটফর্ম ‘চ্যাট’ চালু করেছে, যা আগের সাধারণ ডাইরেক্ট মেসেজ বা ডিএম-এর পরিবর্তে আসছে। নতুন এই সিস্টেমে যুক্ত হয়েছে আরও আধুনিক ও অ্যাপভিত্তিক মেসেজিং সুবিধা—যার মধ্যে রয়েছে ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিং, পুরোনো বার্তা এডিট ও ডিলিট, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, এমনকি স্ক্রিনশট নোটিফিকেশন। খবর এনগ্যাজেট।

ফিচারগুলো এখন আইওএস এবং ওয়েব সংস্করণে রোল আউট হচ্ছে; অ্যাণ্ড্রয়েডে খুব শিগগিরই আসবে বলে জানিয়েছে এক্স। এছাড়া ব্যবহারকারীরা যাতে ভয়েস মেমো পাঠাতে পারেন—সেটির কাজও চলছে।

এক্স কয়েক মাস ধরে এই উন্নত ‘চ্যাট’ ফিচারগুলো টিজার প্রকাশ করছিল। এর আগে সীমিত আকারে এনক্রিপটেড মেসেজিং চালু করলেও মে মাসে তা স্থগিত করা হয়েছিল। এখন নতুন সংস্করণে আগের বেশ কিছু সীমাবদ্ধতা নেই। প্রতিষ্ঠানটির হেল্প সেন্টার জানায়, এখন গ্রুপ মেসেজ ও মিডিয়াও এনক্রিপটেড থাকবে। তবে মেটাডাটা—যেমন কার কাছে মেসেজ যাচ্ছে—তা এনক্রিপটেড নয়।

এছাড়া এক্স সতর্ক করেছে যে তারা ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ থেকে সুরক্ষা দেয় না। অর্থাৎ কোনো কারণে—চাই তা অপদৃষ্ট কর্মী হোক বা আইনি বাধ্যবাধকতা—যদি এনক্রিপটেড চ্যাটে হস্তক্ষেপ করা হয়, প্রেরক বা প্রাপক কেউই তা জানতে পারবেন না। এক্স জানিয়েছে, ভবিষ্যতে এনক্রিপটেড কথোপকথনের সত্যতা যাচাইয়ের সুবিধাও যোগ করা হবে।

ডিবিটেক/বিএমটি