অ্যাপলে টিম কুক অধ্যায় শেষ হতে যাচ্ছে!
অ্যাপলের দীর্ঘদিনের প্রধান নির্বাহী টিম কুক আগামী বছরই দায়িত্ব ছাড়তে পারেন বলে দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও শীর্ষ নির্বাহীরা ইতোমধ্যেই নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি জোরদার করেছে। খবর এনগ্যাজেট।
২০১১ সালে স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুক টানা ১৪ বছর অ্যাপলকে নেতৃত্ব দিয়েছেন। তার সময়ে অ্যাপল ওয়াচ, এয়ারপডস, ভিশন প্রোসহ বহু সফল হার্ডওয়্যার বাজারে আসে; পাশাপাশি অ্যাপল আর্কেড ও অ্যাপল টিভি প্লাসের মতো সেবা শক্ত অবস্থান তৈরি করে। তার নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য চার ট্রিলিয়ন ডলার ছাড়ায়।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জন টারনাস সিইও পদে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। ২০০১ সাল থেকে অ্যাপলে থাকা টারনাস প্রোডাক্ট ডিজাইন টিমে কাজ শুরু করেন এবং পরে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অ্যাপলের নিজস্ব সিলিকন চিপে রূপান্তরের নেতৃত্বে বড় ভূমিকা রাখেন তিনি।
ফিনান্সিয়াল টাইমস জানায়, জানুয়ারির আয় প্রতিবেদন প্রকাশের আগে অ্যাপল নতুন সিইওর নাম ঘোষণা করবে না। তবে বছরের প্রথম দিকেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে, যাতে বার্ষিক ইভেন্টগুলোর আগেই নেতৃত্বের মসৃণ পরিবর্তন নিশ্চিত করা যায়। এ বছরই জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হয়ে সাবিহ খান নতুন প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন।
ডিবিটেক/বিএমটি



