ইউটিউব টিভির সঙ্গে চুক্তিতে পৌঁছালো ডিজনি
গুগলের ইউটিউব টিভি ও ওয়াল্ট ডিজনি অবশেষে চুক্তিতে পৌঁছেছে, যার ফলে কয়েক সপ্তাহ ধরে চলা বিরোধের পর ডিজনির মালিকানাধীন সব চ্যানেল আবার ফিরছে প্ল্যাটফর্মে। খবর রয়টার্স।
সম্প্রচার ফি–সংক্রান্ত মতবিরোধের জেরে ৩০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পে-টিভি সেবায় ডিজনির চ্যানেলগুলো বন্ধ ছিল, ফলে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ সম্প্রচার ও বড় ধরনের খেলাধুলার সরাসরি অনুষ্ঠান দেখা সম্ভব হয়নি।
চুক্তির পর এবিসি, ইএসপিএন, এফএক্স, ন্যাশনাল জিওগ্রাফিকসহ সব ডিজনি চ্যানেল আবার দেখা যাবে ইউটিউব টিভিতে। ইউটিউব জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ ইএসপিএন আনলিমিটেডসহ ইএসপিএনের সব ক্রীড়া অনুষ্ঠান বাড়তি খরচ ছাড়াই বেস প্ল্যান গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।
ডিজনি ও ইউটিউব কেউই চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি। তবে সিএনবিসি আগে জানিয়েছিল, ডিজনি অন্যান্য বড় ডিস্ট্রিবিউটরের মতোই ইএসপিএনের জন্য প্রায় প্রতি গ্রাহক মাসে ১০ ডলারের সমপরিমাণ ফি চাইছিল।
ইউটিউব টিভির দ্রুত জনপ্রিয়তা ও গুগলের আর্থিক সক্ষমতা প্ল্যাটফর্মটিকে আলোচনায় বাড়তি সুবিধা দিচ্ছে। ডিজনি জানায়, তারা ইউটিউব টিভিকে অন্য ডিস্ট্রিবিউটরদের মতোই সমান বা আরও ভালো শর্ত প্রস্তাব করেছিল।
বিতর্কের ফলে “মানডে নাইট ফুটবল”সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠান দেখা সম্ভব হয়নি। গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে ইউটিউব টিভি দীর্ঘ সময় চ্যানেল বন্ধ থাকলে ২০ ডলার ক্রেডিট দেওয়ার ঘোষণা দিয়েছিল।
এর আগে ইউটিউব টিভি ফক্স, প্যারামাউন্ট ও এনবিসিইউনিভার্সালের সঙ্গেও কঠিন আলোচনার পর চুক্তি নবায়ন করে।
ডিবিটেক/বিএমটি



